ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা বালু প্রকাশ্য নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দিপু দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখে মজুদ করছিলেন। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে স্থানীয়রা আপত্তি জানান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু উত্তোলনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মজুদ করা বালু নিলামে বিক্রি করা হয়।
অভিযানকালে আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামান এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও অমৃত দেব নাথ জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



