নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় সজীব মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। গত রোববার রাতে জয়নগর এলাকার জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সজীব পৌর শহরের মালনী এলাকার বাসিন্দা।
স্বজন ও পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় পেটে তীব্র গ্যাস ও ব্যথা নিয়ে সজীব হাসপাতালে ভর্তি হন। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুজন পালের সহায়তা চাওয়া হলে তিনি বিদ্যুৎ নেই অজুহাতে অনীহা প্রকাশ করেন। সজীব ফ্লোরে যন্ত্রণায় কাতরালেও চিকিৎসক কোনো চিকিৎসা দেননি। চিকিৎসকের এমন নির্লিপ্ততায় ছটফট করতে করতে রাত পৌনে ১১টায় সজীব মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাসপাতালে এসে ভাঙচুর শুরু করে এবং ডা: সুজনের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে।



