সিলেট ব্যুরো
‘প্রাণপ্রিয় প্রাঙ্গণ, আজীবন বন্ধন’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশন’ আত্মপ্রকাশ করেছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
গত শনিবার সন্ধ্যায় নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক এমজেএইচ জামিলের সভাপতিত্বে সভায় প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে সাত সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়। পরে বোর্ডের সদস্যরা আলোচনা করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে ফরিদ আহমদকে সভাপতি, নির্মল কান্তি দেকে সিনিয়র সহসভাপতি, সোহাগ আহমদ আল-আমিনকে সাধারণ সম্পাদক, সাংবাদিক আমিনুল হক খোকনকে সাংগঠনিক সম্পাদক এবং মামুন আহমদকে অর্থ সম্পাদক করা হয়েছে।
নির্বাচন বোর্ড নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সংগঠনের নেতারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



