চট্টগ্রামে মোবাইলের বিরোধে যুবক খুন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোবাইল ফোন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চররাঙ্গামাটিয়া এলাকার লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সাকিব চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকার মো: নজুম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন নিয়ে সাকিবের সাথে পূর্বপরিচিত একটি পক্ষের বিরোধ চলছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লায়লা টাওয়ারের সামনে সাকিবের সাথে পূর্বপরিচিত কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাকিব রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে সাকিবের পূর্বপরিচিত এক পক্ষের সাথে আগে থেকেই বিরোধ ছিল। সেই পূর্ব বিরোধের জেরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।