যুক্তরাষ্ট্রে খুন হওয়া লিমনের জানাজা ও দাফন সম্পন্ন

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’তে পিএসডি করছিলেন তিনি। মা-বাবার বুকভরা আশা ছিল ছেলে উচ্চ শিক্ষার সার্টিফিকেট নিয়ে ফিরবেন দেশের মাটিতে। লিমন মা-বাবার কাছে ফিরেছেন ঠিকই, তবে নিথর দেহে, কফিনবন্দী হয়ে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের জহুরুল হক ও লুৎফুন নেছা লতার দুই ছেলের মধ্যে লিমন বড়। উচ্চ শিক্ষার জন্য ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে যান তিনি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএসডি করাকালীন স্থানীয় শহরের একটি ভাড়াটে বাসা থেকে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তিনি। এর ১০ দিন পর অর্থাৎ ২৬ এপ্রিল ওই শহরের একটি ব্রিজের নিচ থেকে লিমনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লিমনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে হলেও থাকতেন ঢাকার গাজীপুরে মা-বাবার সাথে।