প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে চিঠি

জলাবদ্ধতা ও রাস্তা সংস্কারে ২১০ কোটি টাকা চায় দক্ষিণ সিটি

Printed Edition

হামিদুল ইসলাম সরকার

রাজধানীর নিউমার্কেট, বিজিবি এলাকা, ঢাকেশ্বরী মন্দির, বুয়েট, ঢাকা শিক্ষা বোর্ড, বকশিবাজার এলাকার জলাবদ্ধতা নিরসন ও ১০টি অঞ্চলের প্রধান সড়কসমূহের সংস্কার কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২১০ কোটি টাকা বরাদ্দ চায়। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বরাবর চিঠি দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মো: আবদুস সালাম। তিনি তিনটি প্রকল্পের বিপরীতে ৩১.৮৯ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য এ অর্থ বরাদ্দ চেয়েছেন বলে চিঠি থেকে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বরাবর গত ৯ এপ্রিল দেয়া চিঠিতে বলা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নিউমার্কেট, বিজিবি এলাকা, ঢাকেশ্বরী মন্দির, বুয়েট, ঢাকা শিক্ষা বোর্ড ও বকশিবাজার এলাকার কার্যকর ড্রেনেজ আউটলেট এবং ড্রেনেজ লাইন না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থ সঙ্কটের কারণে জলাবদ্ধতা নিরসনে নিম্নবর্ণিত প্রকল্পসমূহ বাস্তবায়ন করা যাচ্ছে না। প্রকল্প ৩টি বাস্তবায়নের জন্য ২১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ প্রয়োজন। প্রকল্পগুলো হলো ঢাকা-নিউমার্কেট ও বিজিবি হয়ে নবাবগঞ্জ ফ্লুইস গেট পর্যন্ত জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ কাজ ৮.৪৩০ কিলোমিটার। এর জন্য চাওয়া হয়েছে ১২০ কোটি টাকা। ঢাকেশ্বরী মন্দির হতে শিক্ষা বোর্ড, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বকশী বাজার ও চকবাজার হয়ে সোয়ারিঘাট পর্যন্ত মাস্টার ড্রেনেজ লাইন ৩.৪৬ কি.মি নির্মাণ কাজ। এর জন্য ৬০ কোটি টাকা চাওয়া হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ২০ কিলোমিটার প্রধান সড়ক সংস্কার করতে হবে। এ প্রকল্পের বিপরীতে ৩০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

চিঠিতে প্রশাসক বলেছেন, ডিএসসিসির জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা কমিশনের ‘কার্যক্রম বিভাগ থেকে সিটি করপোরেশনকে উন্নয়ন সহায়তা খাতের অনুকূলে উল্লিখিত তিনটি প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত অতিরিক্ত ২১০ কোটি টাকা বরাদ্দ দেয়ার বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনার জন্য অনুরোধ করা হলো।