কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে গত এক বছরের অধিক সময় ধরে তিন ইউপি সদস্য অনুপস্থিত থাকায় সেবা বঞ্চিত হচ্ছে ওয়ার্ডের জনগণ। ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বেতকা গ্রামের সোহেল হোসেন ও ৭ নং ওয়ার্ড রঘুনাথপুর গ্রামের ইউপি সদস্য আশীষ মজুমদার ও কাউখালী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাশুরী গ্রামের আশরাফুল ইসলাম নিরুদ্দেশ রয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান আবু সাঈদ জানান, সরকার পরিবর্তনের পর আমার ইউনিয়নের ২ জন ইউপি সদস্য পরিষদের কাজে অনুপস্থিত রয়েছেন। বিভিন্ন মাধ্যমে তাদেরকে কাজে যোগদান করতে বললেও তারা যোগদান না করায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, উপজেলার তিনটি ইউনিয়নের তিনজন ইউপি সদস্য এক বছরের অধিক সময় নিরুদ্দেশ থাকায় মেম্বারদের কাজে যোগদানের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সচিবদের মাধ্যমে বললেও তারা কাজে যোগ না দেয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ দিকে সংশ্লিষ্ট ইউপি সদস্যরা না থাকায় এলাকার ভিজিডি, ভিজিএফ, মৎস্যকার্ড, জন্মসনদ, মৃত্যুসনদ, ভোটার সংশোধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা বিঘিœত হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এর মধ্যে ওয়ারিশ, জন্ম, মৃত্যু ও ভোটার পরিবর্তনে ইউপি সদস্যদের স্বাক্ষর বাধ্যতামূলক থাকার শর্ত রয়েছে।



