নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাথে দোকান বসানোকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে মঙ্গলবার রাতের ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন এবং নিউ মার্কেট থানা যুবদলের কার্যালয়ে ব্যাপক করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুই সংগঠনের কেন্দ্রীয় কমিটি মোট ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে।
জানা যায়, নিউ মার্কেটের বলাকা সিনেমা হলের সামনে ফুটপাথে দোকান বসানো ও চাঁদা আদায় নিয়ে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউ মার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার, প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনার জেরে একই দিন রাত ৯টার দিকে সাইন্সল্যাব মোড়ের বসুন্ধরা গলিতে অবস্থিত নিউ মার্কেট থানা যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবির ফ্রেম ও কাচ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করছে।
এ দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাকে প্রাথমিক সদস্যপদ থেকে এবং আরো চার নেতা- যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হানকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপর দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত এবং যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও সুমনকে (চায়না সুমন) দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না এবং চাঁদাবাজিসহ অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থী প্রিন্স মুন্না বাদি হয়ে নিউ মার্কেট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।


