লালপুরে জুটমিলে ডাকাতি, আটক ৬

Printed Edition

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে সাজিদ জুটমিলে ডাকাতির ঘটনায় ২৩ দিন পর মালামালসহ ছয় ডাকাতকে আটক করে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার ২২ জুন রাতে উপজেলার অর্জনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ীতে সাজিদ জুটমিলে ডাকাতি মামলায় নাটোর ডিবি ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুনপাড়া গ্রামের মৃত বেল্লাল মৃধার ছেলে মো: মাহাতাব মৃধা (৩২), একই উপজেলার তারাপাশা গ্রামের গোলাম হোসেনের ছেলে মো: সেলিম হোসেন (৩২), পাবনা সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের মৃত আকুব্বর প্রামাণিকের ছেলে মো: লিটন প্রামাণিক (৪৬), চরঘোষপুর গ্রামের মিঠু শেখের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), চরগোশপুর ছাকান মার্কেট এলাকার মৃত মোফাজ্জল মণ্ডলের ছেলে মো: আব্দুল খালেক (৩৪) এবং কোশাখালী গ্রামের মো: আজগর হোসেনের ছেলে মো: সাগর শেখ (২২)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান চাঞ্চল্যকর এই মামলায় পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইফতেখায়ের আলমের নেতৃত্বে ডিবি নাটোরের দল ও তদন্তকারী কর্মকর্তার যৌথ উদ্যোগে ডাকাতদল শনাক্ত ও ডাকাতির রহস্য উদঘাটন এবং লুটের মালামাল উদ্ধার করা হয়।