বাকৃবি প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তিন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সম্মাননা গ্রহণ করেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুলাই শহীদ হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা আক্তার আঁখি, ফুলপুর উপজেলার শহীদ সাইফুল ইসলামের স্ত্রী ও তার বাবা তৈয়ব আলী এবং ত্রিশাল উপজেলার শহীদ আমিনুল ইসলামের স্ত্রী তানজিনা আক্তার।
এর আগে জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয় রথ্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াত এবং জুলাই শহীদদের রূহের মাগফিরাত, জাতীয় সংহতি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার। সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক।
প্রধান অতিথি মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার দায়িত্ব আমাদের। সুযোগ অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াব।’
অনুষ্ঠানের শেষ পর্বে সকালে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি বিভাগে বিজয়ী মোট ১২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



