চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ক্রেনের সাথে সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নেভি হাসপাতাল গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাফিসা নাওয়াল (১৮)। তিনি সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য একটি অ্যাপভিত্তিক পাঠাও মোটরসাইকেলে কেন্দ্রে যাচ্ছিল। নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে ম্যাক্স গ্রুপের একটি ক্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।