কক্সবাজার অফিস
ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে আটকে পড়া ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার বিকেলে এসব জেলেকে মহেশখালীতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় মাছ ধরার ট্রলার ‘এমভি তাজমিনুর রহমান’ থেকে তাদের উদ্ধার করে।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলের সময় ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে কাছে গিয়ে বিপদ সঙ্কেত দেখতে পায়। পরে নৌসদস্যরা দ্রুত অভিযান চালিয়ে জেলেদের উদ্ধারের পর খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, ট্রলারটি গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসতে থাকে। উদ্ধারকৃত সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
নৌবাহিনী জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সাগর ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও উপকূলীয় জনগণের সুরক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে।



