প্রযুক্তি ডেস্ক
আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না বলে আগেই মত দিয়েছিলেন এজিআই প্রযুক্তির জনক বেন গয়ের্টজেল। তার ধারণা ছিল, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এমন প্রযুক্তির দেখা মিলতে পারে। তবে এজিআইয়ের যুগ ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে জোরালো দাবি করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তার মতে, ওপেনএআইয়ের নতুন মডেল ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ মানুষের মতো চিন্তা ও যুক্তি প্রয়োগের সক্ষমতায় এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
চ্যাটজিপিটি চালুর মাত্র চার বছরের মাথায় জিপিটি-৬ অ্যাস্ট্রা তৈরির কৃতিত্ব অর্জন করায় ওপেনএআইকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন এনভিডিয়া প্রধান। সেখানে তিনি বলেন, ‘এজিআই এসে গেছে।’ তার ভাষ্যমতে, এই মডেলটির প্রশিক্ষণে এক লাখের বেশি এনভিডিয়া গ্রেস ব্ল্যাকওয়েল এনভিলিংক৭২ জিপিইউ ব্যবহার করা হয়েছে এবং অচিরেই এর সাথে আরও চার লাখের বেশি জিপিইউ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
জেনসেন হুয়াংয়ের এই বক্তব্যের সাথে অনেকাংশেই একমত পোষণ করেছেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। হুয়াংয়ের পোস্টের জবাবে তিনি লেখেন, ‘আমরা এখন এজিআইয়ের যুগে প্রবেশ করছি।’ তবে এই অগ্রগতির পেছনে অংশীদারদের অবদানের কথা স্বীকার করে তিনি জানান, ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। প্রসঙ্গত, ওপেনএআই’র অধিকাংশ এআই প্রশিক্ষণ ও অবকাঠামো এখনো এনভিডিয়ার তৈরি জিপিইউ’র ওপর নির্ভরশীল।



