যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত এক কলেজছাত্রী

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে পরিবারকে চমকে দিতে বাড়ি ফেরার পথে নির্বাসিত হওয়া এক কলেজছাত্রী প্রশ্ন তুলেছেন ট্রাম্প প্রশাসন কেন তার মতো মানুষদের ‘লক্ষ্যবস্তু’ করছে। ১৯ বছর বয়সী এনি লুসিয়া লোপেজ বেলোজা ২০ নভেম্বর বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হন।

এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি (ট্রাম্প) কেন এমন মানুষদের ধরছেন যারা যুক্তরাষ্ট্রে দিন-রাত কঠোর পরিশ্রম করছে, আমার মতো যেসব মানুষ কলেজে পড়ে, স্বপ্ন বাস্তবায়ন করছে, শিক্ষা নিচ্ছে?

হন্ডুরাস থেকে আসা এবং ব্যাবসন কলেজের শিক্ষার্থী লোপেজ বেলোজা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাসিত হওয়া পাঁচ লাখ অভিবাসীর একজন।

দলিল অনুযায়ী, আদালতের নির্দেশে তাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণ না করতে বলা হলেও আটক হওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে হন্ডুরাসে ফেরত পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ২০১৫ সালের পুরনো বহিষ্কার আদেশের কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

এক ডিএইচএস মুখপাত্র বলেন, এই অবৈধ অভিবাসী ২০১৪ সালে দেশে ঢোকে এবং ২০১৫ সালে ইমিগ্রেশন জজ তাকে বহিষ্কারের আদেশ দেন। এরপর থেকে তিনি দেশে অবৈধভাবে অবস্থান করছেন।