ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া ২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অংশ নেয়া আট দলকে ভাগ করা হয়েছে দুটি ভিন্ন গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়োজক আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নারী এশিয়া কাপ ক্রিকেট মিশন শুরু করবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলের পরের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে থাইল্যান্ড ও হংকং। ২৮ আগস্ট থাইল্যান্ড-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দু’টি দল জায়গা করে নেবে সেমিফাইনাল। ১০ ও ১১ সেপ্টেম্বর হবে দু’টি সেমিফাইনাল। ১৩ সেপ্টেম্বর ফাইনাল। দুবাইয়ে সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
নারী এশিয়া কাপে ভারত ৭ বার শিরোপা জিতেছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তারা প্রত্যেকেই শিরোপা জিতেছে ভারতকে হারিয়ে। পাকিস্তান এশিয়া কাপের শিরোপা না জিতলেও দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতার কারণে ক্রিকেট মাঠে দুই দেশের যে কোনো দলের লড়াই মানেই অন্য উত্তেজনা। এবারের এশিয়া কাপে বহুল প্রতীক্ষিত ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর।
কোন গ্রুপে কারা
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত,
ইন্দোনেশিয়া
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
তারিখ প্রতিপক্ষ বাংলাদেশ সময়
৩১ আগস্ট ইন্দোনেশিয়া সন্ধ্যা ৭টা
৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা
৮ সেপ্টেম্বর আমিরাত সন্ধ্যা ৭টা



