চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী বাবু খানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

Printed Edition

আতিয়ার রহমান জীবননগর (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে তার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দু’টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত কেবল চুয়াডাঙ্গা-২ আসন থেকেই একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অন্য আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলায় রাজনৈতিক তৎপরতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।