নয়া দিগন্ত ডেস্ক
বিশ্বজুড়ে নস্টালজিয়া, স্টাইল এবং স্বাধীনতার প্রতীক হয়ে ওঠা ইতালিয়ান স্কুটার ভেসপা এবার উদযাপন করল তার ৮০তম জন্মদিন। এ উপলক্ষে চার দিনের বর্ণাঢ্য আয়োজনে রোম শহর পরিণত হয় ভেসপা-উৎসবের প্রাণকেন্দ্রে।
১৯৪৬ সালে প্রথম রাস্তায় নামা ভেসপা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় ১৯৫৩ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘রোমান হলিডে’-এর মাধ্যমে। অড্রে হেপবার্ন ও গ্রেগরি পেকের আইকনিক দৃশ্যে ভেসপা হয়ে ওঠে রোমান্টিকতার বিশ্ব প্রতীক। সেই ঐতিহ্যকে ঘিরেই এবার রোমে আয়োজিত হয় বিশেষ এই উৎসব।
ভেসপা নির্মাতা প্রতিষ্ঠান পিয়াজিও এবং ভেসপা ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত অংশ নেন। গত শনিবার অনুষ্ঠিত হয় গ্র্যান্ড র্যালি, যেখানে কলোসিয়াম ও রোমান ফোরামের আশপাশের সড়ক ভরে ওঠে ১০ হাজারেরও বেশি ভেসপা ও ভক্তদের উপস্থিতিতে। আধুনিক বিলাসবহুল গাড়ির ভিড় ছাপিয়ে সেদিন পুরো শহরে প্রাধান্য পায় ভেসপার চেনা খটখট শব্দ।
উৎসবে বিশেষ আকর্ষণ ছিল সীমিত সংস্করণের ‘৮০ ইয়ার্স অফ অ্যান আইকন’ হেলমেটসহ ভেসপা-থিমযুক্ত বিভিন্ন পণ্য। পাশাপাশি প্রদর্শনীতে স্থান পায় ভেসপার ইতিহাসের নানা স্মরণীয় মুহূর্ত-ফুলের মাঠে ভ্রমণ, সৈকতে ছুটি কাটানো, এমনকি অভিযাত্রীদের সুমেরু বৃত্ত পর্যন্ত ভেসপা চালানোর বিরল ঘটনাও।
বর্তমানে ভেসপা ১১০টিরও বেশি দেশে বিক্রি হয়। গত আট দশকে প্রতিষ্ঠানটি দুই কোটির বেশি স্কুটার বিক্রি করেছে বলে জানিয়েছে পিয়াজিও।



