বিরোধীদলীয় নেতার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সংসদ ভবন কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শালেট সাক্ষাৎ করেন হ নয়া দিগন্ত
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সংসদ ভবন কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শালেট সাক্ষাৎ করেন হ নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেট। গতকাল জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তারা বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা করেন। সেই সাথে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সাথে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান। অন্য দিকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার সাথে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।