এআই প্রযুক্তি ও যৌথ গবেষণা নিয়ে বিএমইউ এনএসইউ সমঝোতা

Printed Edition

এআই প্রযুক্তির ব্যবহারসহ যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) গত ১০ নভেম্বর সই হয়েছে। উন্নত প্রযুক্তি ও এআইর ব্যবহারের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমে বিরাট অবদান রাখবে এই সমঝোতা স্মারক। সেই সাথে রোগ নির্ণয়ে নির্ভুলতা নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিনিময় করা, এআই মডেল তৈরি ও বাস্তবায়নের ক্ষেত্রে একাডেমিক এবং প্রযুক্তিগত সহায়তা পাওয়া, রোগ নির্ণয়ে নিত্যনতুন উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখবে এই সমঝোতা। বিশেষ করে নিখুঁতভাবে ক্যান্সার নির্ণয় ও উন্নত চিকিৎসায় অবদান রাখবে এই উদ্যোগ। এমওইউতে বিএমইউর পক্ষে সই করেন ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। এনএসইউর পক্ষে সই করেন ভিসি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এছাড়াও বিএমইউর পক্ষে বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্সের সাবেক ডিন অধ্যাপক ডা: শিরীন তরফদার, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন এবং এনএসইউর ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ডা: মোহাম্মদ মনির উদ্দিন সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি : এ্যাডভান্সিং মেডিক্যাল এডুকেশন, রিসার্চ অ্যান্ড হেলথকেয়ার পার্টনারশিপস’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার। এনএসইউর অধ্যাপক মোহাম্মদ মনির উদ্দিন ‘এ্যাডভান্স রিসার্চ অন বায়োমেডিক্যাল ডাটা ফর প্রিসিশন ডায়াগনোসিস এপ্লাইয়িং মাল্টিমোডাল-এআই’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রো-ভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, এনএসইউর অধ্যাপক দীপক কুমার মিত্র। বিজ্ঞপ্তি।