খানাখন্দে ভরা দুমকির এলজিইডি সড়কে জনদুর্ভোগ চরমে

Printed Edition

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ পর্যন্ত এলজিইডি সড়কটি এখন এই অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়, যা প্রতিদিন হাজারো মানুষের চলাচলকে করে তুলেছে চরম ঝুঁকিপূর্ণ।

সরেজমিন দেখা যায়, সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় অটোবাইক ও রিকশাচালকরা বিকল্প হিসেবে লাউকাঠী হয়ে শ্রীরামপুর বাজারের কাঁচা পথ ব্যবহার করছেন। এতে যাত্রীদের একদিকে যেমন অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়ার বোঝা। বিশেষ করে এই উপজেলার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র ‘লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালে’ যাতায়াতের প্রধান পথ এটি হওয়ায় বিপাকে পড়েছেন মুমূর্ষু রোগীরা।

স্থানীয় বাসিন্দা জাকির হাওলাদার বলেন, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাচলাও দায় হয়ে পড়ে। রিকশা তো দূরের কথা, মোটরসাইকেল চালানোও বিপজ্জনক। অটোচালক জলিল মৃধা জানান, ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রতিদিন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, যার ফলে উপার্জনের বড় অংশ চলে যাচ্ছে মেরামতের পেছনে।

স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কবির মৃধা জানান, সড়কটির বেহাল দশা নিয়ে উপজেলা প্রকৌশল বিভাগকে বারবার জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, সড়কটি শুধু সংস্কার নয়, বরং আরো প্রশস্ত করা হবে। ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। তবে রাস্তার ধারের গাছ অপসারণ নিয়ে বন বিভাগের সাথে সমন্বয়ের কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এই জটিলতা দ্রুতই নিরসন করা হবে।