সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ইউনিয়ন আমির ও সেক্রেটারিদের নিয়ে গত শুক্রবার সাভার পৌর এলাকার একটি অডিটোরিয়ামে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সংসদের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাইরে জনস¤পৃক্ত কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে জামায়াতে ইসলামী কাজ করবে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে। এ সময় তিনি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে সরকারকে দ্রুত গণভোটের রায় কার্যকর করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
শিক্ষাশিবিরে জেলা নায়েবে আমির মাওলানা মো: আব্দুর রউফ ও অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক তৌহিদ হোসেন, সাংস্কৃতিক স¤পাদক লুৎফর রহমান, প্রচার ও মিডিয়া স¤পাদক আসাদুজ্জামান জীম প্রমুখ উপস্থিত ছিলেন।



