শুধু পাঠ্যক্রমে ইসলাম বা ইসলামী কাঠামো সংযোজন করলেই কোনো প্রতিষ্ঠানকে সফলভাবে ইসলামীকরণ করা যায় না। এর প্রকৃত সাফল্য নির্ভর করে মানুষের চিন্তা, নৈতিকতা ও আচরণে কতটা ইতিবাচক পরিবর্তন এসেছে তার ওপর বলে মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ফ্যাকাল্টি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার ড. মোস্তফা হাসান শাহীন।
গতকাল মঙ্গলবার আশুলিয়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্টাডি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে জ্ঞানের ইসলামীকরণ’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোস্তফা হাসান শাহীন বলেন, জ্ঞানের ইসলামীকরণ মূলত জ্ঞান, মূল্যবোধ ও সভ্যতার সাথে সম্পর্কিত একটি বৃহত্তর বুদ্ধিবৃত্তিক প্রকল্প। ইসলামী সভ্যতার পুনর্গঠনে জ্ঞানের ইসলামীকরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ইসলামে জ্ঞানকে মূলত উপকারী ও অপকারী- এই দুই দৃষ্টিকোণ থেকে দেখা হয় উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানের ইসলামীকরণের উদ্দেশ্য কোনো জ্ঞানকে অস্বীকার করা নয় বরং জ্ঞানচর্চাকে ইসলামী মূল্যবোধ ও মানবকল্যাণের সাথে যুক্ত করা।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ড. রমিত আজাদ। আইন বিভাগের প্রধান মো: আবদুল্লাহ হিল গনীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ভর্তি বিভাগের পরিচালক আবদুল কাদের এবং ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।



