সানির ফাইফারে জিতল লাল দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা দিবস এলেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হয়ে ওঠে স্মৃতির এক মিলনমেলা। সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে আয়োজিত প্রদর্শনী ম্যাচে স্মৃতির ভান্ডার খুলে বসেন ক্রিকেট তারকারা। এবারের আয়োজনও ব্যতিক্রম ছিল না, কথার লড়াইয়ে সমান সমান হলেও মাঠের মাঠের খেলায় লাল দল দেখিয়েছে নিরঙ্কুশ আধিপত্য।

স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল দল। নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। মোহাম্মদ রফিকের অলরাউন্ড নৈপুণ্যের সাথে নাসিরউদ্দীন ফারুকের ব্যাটিং বীরত্বে এবং ইলিয়াস সানির ফাইফারে লাল দল ১২৩ রানের বিশাল ব্যবধানে হারায় সবুজ দলকে।

ওপেনার নাসিরউদ্দীন ফারুক খেলেন ৫৩ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস। ফিফটি হাঁকিয়েছেন মোহাম্মদ রফিকও। ২৪ বলে ৫০ রানের ক্যামিও খেলেন তিনি। এ ছাড়া ডলার মাহমুদ ৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। সবুজ দলের হয়ে দুই উইকেট নেন ফয়সাল হোসেন ডিকেন্স। একটি করে উইকেট নেন আনোয়ার হোসেন মনির, খান আবদুর রাজ্জাক ও তালহা জুবায়ের।

জবাব দিতে নেমে সবুজ দলের ব্যাটাররা ক্রিজে দাঁড়াতেই পারেননি। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেন হান্নান সরকার। অন্যরাও উইকেট ছুড়ে দিয়ে সাজঘরে ফিরেন। ওপেনার শাহরিয়ার নাফীস কিছুটা প্রতিরোধ গড়ে ১৯ বলে করেছেন ৩৩ রান। অন্যরা সেভাবে টিকতে পারেননি মোহাম্মদ ইলিয়াস এবং মোহাম্মদ রফিকের বোলিং তোপে। টপাটপ উইকেট হারিয়েছে সবুজ দল। নাফীস বাদে আর দুই অঙ্ক ছুয়েছেন কেবল খান আবদুর রাজ্জাক (১৪ বলে ১৮ রান)। সবুজ দল মাত্র ৯০ রানে অলআউট হলে ১২৩ রানের জয় পায় লাল দল। লাল দলের হয়ে পাঁচ উইকেট নেন মোহাম্মদ ইলিয়াস। চার উইকেট যায় মোহাম্মদ রফিকের ঝুলিতে। এক উইকেট নেন মাহবুবুল আলম রবিন।