চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী সা:। শাহ মঞ্জিল সীরত ময়দানে বাদ জোহর আনুষ্ঠানিক সূচনার পর আগামী ১২ সেপ্টেম্বর শনিবার আখেরি মুনাজাতের মাধ্যমে তা শেষ হবে।
সীরত মোতওয়াল্লি কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধন করবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মু: ইবনে দিনার নাজাত জানান, মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
১৯ দিনজুড়ে চলা এ আয়োজনে দেশ-বিদেশের শতাধিক প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মুহাম্মদ সা: -এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। পাশাপাশি দেশবরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন।



