লুটপাটের দায় তারেক রহমানকে নিতে হবে : আখতার হোসেন

রংপুরের হারাগাছে এনসিপি নেতাদের বাড়িঘরে বিএনপির হামলা ভাঙচুর

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুরের হারাগাছে চলছে ব্যাপক নির্বাচনী সহিংসতা। এনসিপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিদর্শনে গেলে পুলিশের ওপরও হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত এমপি আখতার হোসেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করবে ঘোষণার পরেই নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করছে- এর দায় তারেক রহমানকে নিতে হবে। অন্য দিকে ভোটের ফলাফল পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হেরে যাওয়া বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। দাবি আদায়ে হারাগাছে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল থেকে নগরীর হারাগাছের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা এনসিপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং মোটরসাইকেল ভাঙচুর করে। সারাই আমবাগান এলাকায় বিএনপির নেতাকর্মীরা এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক এম আই সুমনের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায়। হারাগাছের যুগ্ম সমন্বয়কারী রুবায়েতকে মায়াবাজার এলাকায় মারধর এবং তার বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। তারা হারাগাছের মোল্লাটারিতে থানা এনসিপির প্রধান সমন্বয়কারী ইয়াসির আরাফাতের বাড়িতে হামলা এবং বাড়ির প্রধান ফটক তছনছ করে দেয়।

এ ছাড়া হারাগাছের জামায়াতে ইসলামীর কর্মী মমিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং এনসিপির কর্মীদের ধরে ধরে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। ঘটনার খবর পেয়ে সেখানে সারাই পুলিশ গেলে তাদের গাড়িতেও হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা।

হারাগাছ থানার ওসি জানান, ঘটনার খবর পেয়ে আমি ভাঙচুরকৃত বাড়িঘরগুলো পরিদর্শনে যাই। কিন্তু সেখানেও বিএনপির নেতাকর্মীরা আমাদের পুলিশের ওপর হামলা চালায়। পরে আমরা থানায় চলে এসে আবার অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এখন পরিস্থিতি শান্ত আছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ দিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা কারচুপি করে তার ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করে পুনরায় বাতিল হওয়া সাড়ে আট হাজারসহ ভোট গণনার দাবি করেছেন। সংবাদ সম্মেলনের পর সাহেবগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে লাঠি হাতে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রংপুর মহানগরীর ৩৬ জুলাই চত্বরে সংবাদ সম্মেলন করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এ সময় তার সাথে ছিলেন এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মহানগর যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন প্রমুখ।