চট্টগ্রামে জাল টাকার কারখানা : মেশিন-জাল নোটসহ গ্রেফতার ১

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরে জাল টাকা তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে জাল টাকা তৈরির মেশিন, বিভিন্ন মূল্যমানের জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো: মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরের বায়েজিদ বোস্তামী থানার তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসা থেকে এসব জাল টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট নগরের পাঁচলাইশ থানাধীন আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায় সিএমপি ডিবির বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫৩। এ সময় মহিউদ্দিনের কাছ থেকে সাড়ে ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট পাঁচলাইশ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় মামলা করা হয়। পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে জাল টাকা তৈরির আস্তানার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন পুলিশকে জানায়, তার বর্তমান ঠিকানা বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়িতে রাবেয়ার ভাড়া ঘরের একটি কক্ষে জাল টাকা তৈরির মেশিন ও সাদা কাগজে ছাপানো জাল টাকা রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রাত ১টায় ওই ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি। এ সময় মহিউদ্দিনের দেখানো ও তার নিজের হাতে বের করে দেয়া মতে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি জাল নোট, ৫০০ টাকার ২৪টি জাল নোট, এক হাজার টাকার দু’টি জাল নোট এবং একটি কাচের গ্লাস উদ্ধার করা হয়।