চাঁদপুর প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সঙ্কট, বিদ্যুতের বিলের বিভিন্ন চার্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।
গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন জোটের নেতারা।
এ সময় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
স্মারকলিপিতে দাবি করা হয়, গণভোটে অনুমোদিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার বিলম্ব করছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জোটের পক্ষ থেকে আট দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে- জুলাই সনদ বাস্তবায়ন, এলপিজি ও এলএনজি গ্যাসের মূল্য কমানো, বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য ও অযৌক্তিক চার্জ কমানো, লোডশেডিং বন্ধ, চাঁদাবাজি প্রতিরোধ এবং বাজার মনিটরিং জোরদার করা।
স্মারকলিপি প্রদানকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি জেলা শাখার আহ্বায়ক মাহবুবুল আলম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তারেকুল ইসলাম, এলডিপির নেতা সারোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।



