বাউবিতে বার কাউন্সিল এনরোলমেন্ট প্রক্রিয়া বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব লয়ের উদ্যোগে এবং ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি’র আয়োজনে ‘স্নাতক থেকে আইনজীবী : বার কাউন্সিলে তালিকাভুক্তির পথনির্দেশনা’ শীর্ষক বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ৯০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় আইন বিভাগের অষ্টম থেকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব লয়ের ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। তিনি বলেন, বাউবি মুট কোর্ট সোসাইটির যাত্রা আইন বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করে আইন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে তার অবদানের কথা উল্লেখ করেন। ড. নাহিদ ফেরদৌসী বলেন, আইন শুধু একটি পেশা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত দায়বদ্ধতার সাথে আইন পেশায় আত্মনিয়োগের আহ্বান জানান।

কর্মশালার মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাউবি আইন বিভাগের তৃতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ। তিনি বার কাউন্সিল এনরোলমেন্ট, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বিভিন্ন ধাপ, পরীক্ষার প্রস্তুতি, পেশাগত চ্যালেঞ্জ এবং সফলতার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি মুট কোর্ট সোসাইটির আহ্বায়ক ও স্কুল অব লয়ের প্রভাষক সজল আহমেদ বাপ্পী। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, লক্ষ্য নির্ধারণ এবং পেশাগত প্রস্তুতির বিষয়ে পরামর্শ দেন।

কর্মশালায় বিভিন্ন ব্যাচের প্রায় ১০০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই অংশগ্রহণ করেন। আয়োজকরা ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, মুট কোর্ট চর্চা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরো বিভিন্ন কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।