নামিবিয়ায় ত্রিদেশীয় সিরিজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আফ্রিকার ক্রিকেটে সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। চলতি মাসের শেষ দিকে নামিবিয়ায় তিন দেশের অংশগ্রহণে সাত ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। ২০২৭ সাল থেকে প্রস্তাবিত আফ্রিকা টি-২০ কাপের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে। তিন দেশই আগামী বছর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। সেই যৌথ আয়োজনের আগে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করতেই এই সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজ শেষে নামিবিয়াতেই থেকে দক্ষিণ আফ্রিকা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। এটিই হবে দুই দেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। সব মিলিয়ে ১০টি ম্যাচই অনুষ্ঠিত হবে উইন্ডহোকে অবস্থিত নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে। গত বছর উদ্বোধন করা দুই মাঠের এই ক্রিকেট কমপ্লেক্সে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে। প্রস্তাবিত আফ্রিকা টি-২০ কাপকে এশিয়া কাপের আদলে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

২০২৭ সাল থেকে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। টিকিট বিক্রি ও সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া অর্থ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে মহাদেশজুড়ে ক্রিকেট উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। যদিও ব্যস্ত সূচির কারণে দক্ষিণ আফ্রিকা পূর্ণ শক্তির দল পাঠাবে না বলে জানা গেছে।