ঢাকা-কিশোরগঞ্জ রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ, মিলেছে নীতিগত সম্মতি

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-কিশোরগঞ্জ রুটে যাত্রীসেবা বাড়াতে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের প্রস্তাবের পর রেল মন্ত্রণালয় নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে। এ খবরে কিশোরগঞ্জ, বাজিতপুর ও নিকলীসহ জেলার যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ এপ্রিল সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল রেলপথমন্ত্রীর কাছে একটি ডিও চিঠি দিয়ে কিশোরগঞ্জ থেকে সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে নতুন একটি এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানান। তিনি চিঠিতে উল্লেখ করেন, ঢাকা-কিশোরগঞ্জ রুট দেশের অন্যতম ব্যস্ত রেলপথ হলেও সকালবেলায় কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী কোনো আন্তঃনগর ট্রেন না থাকায় চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্তমানে এ রুটে এগারোসিন্ধুর প্রভাতী, এগারোসিন্ধুর গোধূলি ও কিশোরগঞ্জ এক্সপ্রেস চলাচল করলেও যাত্রী চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত বলে স্থানীয়দের দাবি। নতুন ট্রেন চালু হলে একই দিনে ঢাকায় গিয়ে কাজ শেষে কিশোরগঞ্জে ফেরা সহজ হবে, পাশাপাশি বিদ্যমান ট্রেনগুলোর যাত্রীচাপও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল গতকাল সোমবার বিকেলে জানান, নতুন বগি যুক্ত হওয়ার পর প্রায় দুই মাসের মধ্যে সময়সূচি ঘোষণা হতে পারে। ট্রেনটির নামও ‘এগারোসিন্ধু’ সিরিজের আওতায় রাখা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।