দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে এনসিপির মতো বিএনপিও রাজনৈতিকভাবে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, তা মোটেও শোভনীয় নয় এবং কেউ তা কামনা করে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, নারী ও শিশুদের প্রতি সহিংসতার মামলাগুলোর বিচারিক আদালত আসন্ন ঈদের ছুটির মধ্যেও চালু রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।
আইনমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে যেসব বিচারিক আদালত রয়েছে, সেই আদালতগুলো ছুটির আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপনারা দেখবেন, আগামী ১ জুন থেকেই শিশু রামিসা হত্যার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যেদিন আদালত খুলবে, সেদিনই এই বিচার কার্যক্রম শুরু হবে।’
রামিসা হত্যা ও ধর্ষণ মামলার দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিচারের প্রক্রিয়ায় অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে গেছি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দী গ্রহণ করা হয়েছে এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দাখিল সম্পন্ন হয়েছে।’এর আগে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বহুল আলোচিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি দাবি করেন, ‘জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারণ করছে বিএনপি। এই সনদ বাস্তবায়নে দাড়ি, কমা, সেমিকোলনসহ সব নির্দেশনা মেনেই আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা এবং কৃষকদলের সভাপতি মোকাররম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সার্কিট হাউজের এই কর্মসূচি শেষে আইনমন্ত্রী চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা মিশনারি মাঠ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।



