কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মৎস্যখামারের পুকুর থেকে নাজমুল আলম অনিক (৩৪) নামে পুলিশের সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় তার নিজস্ব মৎস্য খামারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল আলম অনিক লক্ষ্মীগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বন্ধু আশরাফুল ইসলাম জনি জানান, প্রায় ১২ বছর আগে অনিক পুলিশের চাকরিতে যোগ দেন। তবে দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে কৃষিকাজ শুরু করেন। পরে দুই-তিন বছর আগে মৎস্য চাষে যুক্ত হন এবং নিজস্ব খামার পরিচালনা করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের মতো তিনি মৎস্যখামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



