দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশের লক্ষ্যে স্বল্প মুনাফায় ও সহজ শর্তে চলতি মূলধন বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে ৫,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’-এর আওতায় মূলধনের ঘাটতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে অসুবিধায় থাকা প্রতিষ্ঠানসমূহ ৯% মুনাফায় অর্থায়ন সুবিধা নিতে পারবে। ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো: জবদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএস ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাগ্রিকালচার বিজনেস ও রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গঠনকৃত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অর্থায়ন সুবিধা সিএমএসএমই খাতে ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার পাশাপাশি উৎপাদন, নতুন কর্মসংস্থান সৃষ্টির ও দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এই খাতের অবদান বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি।



