রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি ভেনিজুয়েলার বর্তমান নেতৃত্বের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘দশে দশ’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সাধে আলাপকালে ট্রাম্প সফরের কথা জানান, তবে সময়সূচি বা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি।
ট্রাম্প বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তেলসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে গত মাসের শুরুর দিকে ভেনিজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী। সেই সময় ট্রাম্প বলেন, মাদুরো এবং তার স্ত্রীকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে। নিউ ইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরে তাদের বিচার হবে বলে তিনি জানান।



