মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর নির্দেশ খাদ্যমন্ত্রীর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী। এ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও অধীন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা, সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য মজুদ ব্যবস্থাপনা, কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ এবং ভোক্তাদের জন্য খাদ্য সরবরাহসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরো কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরো বলেন, খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি খাদ্য কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সেটিও নিশ্চিত করা জরুরি। খাদ্য সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও বিতরণ- প্রতিটি পর্যায়ে দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

সভায় কর্মকর্তারা নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে স্বাগত জানান। একই সাথে মন্ত্রণালয়ের কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী, খাদ্যসচিব আবু তাহের মো: মাসুদ রানা, খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।