মিথিলার ভোটিং সাফল্য মিস ইউনিভার্সে নজর কাড়ছে দেশ

Printed Edition
মিথিলার ভোটিং সাফল্য মিস ইউনিভার্সে নজর কাড়ছে দেশ
মিথিলার ভোটিং সাফল্য মিস ইউনিভার্সে নজর কাড়ছে দেশ

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করছেন। দেশজুড়ে তার জন্য ভোটের জোর প্রচারণা চলছে। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, শবনম বুবলি, সাফা কবির এবং তমা মির্জা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়েছেন।

১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। বর্তমানে ভোটিংয়ে মিথিলার নাম দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যা বাংলাদেশের জন্য নতুন গৌরবের মুহূর্ত।

মিথিলা বলেন, ‘আমি চাই, বাংলাদেশের মেয়েরা নিজেদের ভেতরের শক্তিকে চিনুক। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সৌন্দর্য। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, পৃথিবী তোমাকে থামাতে পারবে না। আমার জন্য নয়, বাংলাদেশের জন্য ভোট দিন। এটি আমাদের দেশের মর্যাদার প্রতীক।’

দেশ-বিদেশের বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া মিথিলা ২০১৯ সালে ‘ফেস অব বাংলাদেশ’ ও ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। সেই বছর ‘মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’-এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

২০২০ সালে মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হন, কিন্তু তখন করোনা ও প্রস্তুতির ঘাটতির কারণে মূল আসরে যাওয়া হয়নি। এবার, মিস ইউনিভার্স ৭৪তম আসরে, বাংলাদেশের পতাকা উজ্জ্বল করতে তিনি থাইল্যান্ডে অংশ নিয়েছেন।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মিথিলার ভোটিং সাফল্য বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।