তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরমোক্তারপাড়া এলাকায় সরকারি খাসজমি দখল করে অনিয়মভাবে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি সম্পত্তি দখল করে কিভাবে ইমারত নির্মাণের কাজ চলছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অবিলম্বে অবৈধ নির্মাণকাজ বন্ধ ও ভবনটি উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, চরমোক্তারপাড়ায় আনুমানিক ৮ শতাংশ সরকারি খাসজমি প্রভাবশালী মহলের আশ্রয়ে দখল করা হয়েছে। ওই জমিতে কাতারপ্রবাসী হাজী নুর হোসেনের অর্থায়নে তিনতলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম তলার কাজ শেষ করে দ্বিতীয় তলার কাজও প্রায় সমাপ্তির পথে।
ভবন নির্মাণের কারণে পাশের দরিদ্র পরিবারগুলোর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, ভবনের কেয়ারটেকার রবি মিয়া ইচ্ছা করে ইট, সিমেন্ট ও বর্জ্য পাশের টিনের চালে ফেলছেন। এতে বৃষ্টির সময় নোংরা পানি ও আবর্জনা ঘরে ঢুকে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও বসতভিটা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে।
ভুক্তভোগী মো: সজীব মিয়া বলেন, সরকারি জমি দখল করে ভবন তো উঠছেই, তার ওপর আমাদের চালে ময়লা ফেলা হচ্ছে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। আমরা গরিব মানুষ, এখন কোথায় যাব? নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি জমি রক্ষা ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।



