মিয়ানমারে শিক্ষাবঞ্চিত ৬৩ লাখ শিশু

Printed Edition

ইরাবতি

মিয়ানমারে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কুলে যেতে পারছে না ৬৩ লাখের বেশি শিশু। এই হিসাব অনুসারে, দেশটির মোট স্কুলগামী বয়সী শিশুর প্রায় অর্ধেক এখন শিক্ষাব্যবস্থার বাইরে। এই পরিস্থিতির জন্য দারিদ্র্য, চলমান সংঘাত, বাস্তুচ্যুতি এবং প্রশাসনিক জটিলতাকে দায়ী করা হয়েছে।

মিয়ানমারের থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি-মিয়ানমার (আইএসপি-মিয়ানমার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জুন শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬৭ লাখ। অথচ সামরিক অভ্যুত্থানের আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিল ৯৭ লাখ। দেশটিতে বর্তমানে স্কুলগামী বয়সী শিশুর সংখ্যা আনুমানিক এক কোটি ৩০ লাখ। যুদ্ধ ও অর্থনৈতিক সঙ্কট বহু পরিবারকে সন্তানদের স্কুল ছাড়তে বাধ্য করছে। ইয়াঙ্গুনের দুই সন্তানের এক মা দ্য ইরাবতীকে বলেন, অষ্টম শ্রেণীতে পড়া মেয়েকে তিনি আর স্কুলে পাঠাতে পারছেন না।