নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ফেনী, ময়মনসিংহের ভালুকা, দিনাজপুর, যশোরের কেশবপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঝিনাইদহের কালীগঞ্জে শুক্রবার ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ফেনীতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পৃথক স্থানে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
ফেনী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবু নোমান জানান, সকাল ৭টার দিকে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। চালক ও হেলপার সেটিকে অন্য একটি লং ভেহিক্যালের সাথে বেঁধে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসচালককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো লং ভেহিক্যালের চালকও বিকেলের দিকে মারা যান। নিহতরা হলেন- চট্টগ্রামের বোট বাজার মইজ্জারটেক এলাকার কাভার্ডভ্যানচালক আব্দুর রহিম (৫০), কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার বাসচালক আবুল হোসেন (৬২) এবং ঝিনাইদহের শৈলকূপার গোসাইলডাঙ্গা গ্রামের ইউনিক পরিবহনের হেলপার শামীম (৫৫)। নিহত লং ভেহিক্যালচালকের বাড়ি ছাগলনাইয়ার জয়পুরে হলেও তার নাম জানা যায়নি।
একই সকালে ৮টার দিকে মহিপাল এলাকায় একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক (৫৬) নামে এক যাত্রী নিহত হন। মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী পাতা পরিবহনের একটি বাস মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে যাত্রাবিরতি দিলে কয়েকজন যাত্রী নেমে আসেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বাসের পেছনে ধাক্কা দিলে বাসটি সামনে থাকা যাত্রী ফটিককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নন্দীপুর এলাকার বাসিন্দা।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রোকনুজ্জামান জানান, দুই দুর্ঘটনায় আটজনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে চারজন মারা গেছেন। বাকিদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রামে পাঠানো হয়েছে, একজন চিকিৎসাধীন রয়েছেন। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত চারটি গাড়ি জব্দ করা হয়েছে।
ভালুকা, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুই দুর্ঘটনায় একজন মাদরাসাছাত্র ও একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। উপজেলার সিডস্টোর-আওলাতলী আঞ্চলিক সড়কে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদরাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান (৫) নিহত হয়। মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রশিদ জানান, শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। আব্দুর রহমান গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তরখাম গ্রামের মোবারক হোসেন মোল্লার ছেলে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
একই সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায় ইউটার্ন নেয়া একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক শাকিল মিয়া নিহত হন। এতে তার স্ত্রী ঝুমা আক্তার ও শিশুসন্তান জিসান গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শাকিল মিয়ার বাড়ি পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার দীঘা গ্রামে।
দিনাজপুর
দিনাজপুরের দশমাইল মহাসড়কে নসিপুর জামতলী বাজার এলাকায় শুক্রবার পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুবুর রহমান নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং জাতীয় পরিচয়পত্র দেখে নিহতের পরিচয় শনাক্ত করে। মাহবুবুর রহমান বীরগঞ্জের বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
কেশবপুর, যশোর
যশোরের কেশবপুরে শুক্রবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল গ্রামে স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস রাস্তায় হাঁটতে থাকা রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীকে চাপা দিয়ে পাশের মধ্যকুল হাফিজিয়া মাদরাসার একটি ভবনে ঢুকে পড়ে। এতে ভবনের একটি কক্ষের ব্যাপক ক্ষতি হয় এবং বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, তখন মাদরাসার শিক্ষার্থীরা জুমার নামাজের প্রস্তুতির জন্য মসজিদে অবস্থান করছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। নিহত রোকেয়া বেগম তিন সন্তানের জননী এবং মধ্যকুল গ্রামের রিজাউল ইসলামের স্ত্রী। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন জানান, দুপুরের দিকে হাইওয়ে পুলিশ বিশেষ যন্ত্রের সাহায্যে বাসটি উদ্ধার করে জব্দ করেছে। জুমার নামাজের পর রোকেয়া বেগমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার ট্রাকচাপায় মনির হোসেন (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মনির হোসেন ওই ঘাটে দৈনিক মজুরিতে মালামাল ওঠানো-নামানোর কাজ করতেন। এসিআই কোম্পানির একটি ট্রাক নিয়ে চালক ইয়াকুব হোসেন কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার গুদামে যাচ্ছিলেন। মোবাইল ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালানোর সময় রাস্তা পার হতে থাকা মনির হোসেনকে ট্রাকটি চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা চালক ও ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক পার্থ জানান, চালক ও ট্রাক আটকের পর নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
কালীগঞ্জ, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা গৌরাঙ্গ কুমার বসু জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসটি উপজেলার কেয়াবাগান এলাকায় পৌঁছালে সামনের চাকার এক্সেল ভেঙে যায়, এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও বারোবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল এবং বারোবাজারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার সিরাজুল ইসলাম (৫৮), শাবানা খাতুন (৩২) ও তার ছেলে সিয়াম হোসেন (১১), সাইদুল ইসলাম (৫০), কালীগঞ্জ উপজেলার মাসুদ রানা (৩৫) ও বিথী খাতুন (৩১) এবং মহেশপুর উপজেলার আনজু বেগম (৬৫) ও সাবিনা খাতুন (২৮)। এদের মধ্যে মাসুদ, শাবানা ও সিরাজুল কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ দুর্ঘটনায় কেউ মারা যাননি।



