চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬৫ বছর বয়সী খবির দাড়িয়ার জীবিকার একমাত্র অবলম্বন পানি বিক্রির ভ্যানটি এখন প্রায় অকেজো হয়ে পড়েছে। ভ্যানটি মেরামতে প্রয়োজন মাত্র পাঁচ হাজার টাকা। আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকাও জোগাড় করতে পারছেন না তিনি।
গত শনিবার সরেজমিন উপজেলা পরিষদের পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, পুকুরের প্রায় সাত থেকে আট ফুট নিচ থেকে দুই হাতে কলস ভরে পানি তুলে পাড়ে আনছেন খবির। এরপর ভাঙাচোরা একটি ভ্যানে থাকা ড্রামে পানি ঢেলে বাজারের বিভিন্ন চায়ের দোকান ও হোটেলে সরবরাহ করছেন তিনি। ভ্যানটির কাঠের বডি দড়ি দিয়ে বাঁধা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তবুও জীবিকার তাগিদে ঝুঁঁকি নিয়েই কাজ করছেন তিনি।
খবির দাড়িয়া জানান, উপজেলার আড়–য়াবর্নি চরপাড়া গ্রামে তার বসবাস। বাবা-মা বহু বছর আগে মারা গেছেন। প্রায় ২০ বছর আগে স্ত্রী ও দুই ছেলে তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বাজারের হোটেল ও চায়ের দোকানে রান্নার কাজে ব্যবহারের জন্য পুকুরের পানি বিক্রি করেই তার সংসার চলে। প্রতি কলস পানি ১০ টাকা এবং এক ড্রাম পানি ১০০ টাকায় বিক্রি করেন। এতে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়।
খবিরের জানান, ভ্যানটির অবস্থা এখন খুবই নাজুক। এটি মেরামত করতে অন্তত পাঁচ হাজার টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকাও জোগাড় করা সম্ভব হচ্ছে না তার।
স্থানীয়দের মতে, সামান্য আর্থিক সহায়তা পেলে খবির দাড়িয়া আবারো স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। তাই তার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।



