লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশিত ইনসাফের বাংলাদেশ গড়তে সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার উঠেছে। আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখবেন, দেশের যেখানেই আমিরে জামায়াত যাচ্ছেন, হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিবেন। আর আমাদের সাতকানিয়া-লোহাগাড়া হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি। এখানে এবার আমাদের প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি এর আগেও এই আসনে দুইবার এমপি ছিলেন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে হবে। গতকাল বিকেলে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হকের বাড়িতে মজলুম ভাইদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় তিনি উপস্থিত সবাইকে উপরে হাত উঠিয়ে শাহজাহান চৌধুরীর জন্য কাজ করার অঙ্গীকার নেন।
ডা: আক্তার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী আন্দোলন করার কারণে আমাদের ভাইয়েরা অনেক নির্যাতিত হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবচার, বারো আউলিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক ও আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী প্রমুখ।



