মদ্যপ অবস্থায় না’গঞ্জ নৌপুলিশের অসংলগ্ন আচরণ, ভিডিও ভাইরাল

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাটে সদর নৌ থানার এএসআই মো: আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসম্মুখে অসংলগ্ন আচরণের অভিযোগ উঠেছে। নৌ থানার সামনে এমন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই পুলিশ সদস্যকে অস্বাভাবিকভাবে গান গাইতে এবং নাচতে দেখা যায়। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিওর সূত্র ধরে সেন্ট্রাল খেয়াঘাটের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে বন্দর খেয়াঘাটে গিয়ে মাতলামি শুরু করেন এএসআই আব্দুল মান্নান। এ সময় তিনি নিজের এবং সেখানে উপস্থিত দুই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন।

একই সাথে ঘাটে টাকা রাখার একটি বাক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটকে রাখে। পরে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেয়ার কথা বলেন এএসআই মান্নান। ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে গালাগালি ও গান গাইতেও শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রীর সাথে দাম্পত্য কলহের থেকে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি রকিবুজ্জামান বলেন, আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকেন। আর স্ত্রী থাকেন সিলেটের গ্রামের বাড়িতে। শুক্রবার রাতে মুঠোফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার পরই তিনি এমন ঘটনা ঘটান।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মো: আলমগীর হোসেন বলেন, বর্তমানে এএসআই মান্নানকে পুলিশ লাইন সে সংযুক্ত ও তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।