গত ২৫ জুলাই দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় মহিলা কনস্টেবলের ফাঁদে নিঃস্ব শতাধিক পুলিশ কর্মকর্তা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজারবাগ পুলিশ লাইন্সের কর্মরত নারী কনস্টেবল সাবিনা মমতাজ।
তিনি এক লিখিত বিবৃতিতে দাবি করেছেন, জনৈক মনিরুল ইসলাম তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এবং মিথ্যা তথ্য দিয়ে গোপনে বিবাহ করেন। সাবিনা মমতাজের দাবি অনুযায়ী, তিনি নিজেই মনিরুল ইসলামের প্রতারণার শিকার হয়েছেন।
তিনি জানান, মনিরুল ইসলামকে তিনি কখনো কোনো টাকা দেননি, বরং মনিরুলই তার কাছ থেকে কমিউনিটি ব্যাংকের চেক ব্যবহারের মাধ্যমে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিয়ের পর মনিরুল ইসলাম তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এবং প্রায় ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। মনিরুল ইসলামের বিরুদ্ধে সাবিনা মমতাজের আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়ার পর থেকেই মনিরুল ইসলাম তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি সংবাদে উল্লেখিত কোনো রাজনৈতিক দল বা অনৈতিক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার দাবিকে পুরোপুরি নাকচ করেন। বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, তার দীর্ঘ ১২ বছরের চাকরি জীবনের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।



