খালেদা জিয়ার ইন্তেকালে শোক

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পৃথক বার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএমইউ ভিসি : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার মাগফেরাত কামনাপূর্বক তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ মেডিক্যাল মেডিক্যাল বিশ্বিবিদ্যালয় (বিএমইউ)-এর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। এ তথ্য জানিয়েছেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরূল ইসলাম।

ইআবি ভিসির শোক: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম। তিনি বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় ভিসি বলেন, সর্বজন গ্রহণযোগ্য ও আপসহীন এ নেত্রীর মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হলো এবং জাতি একজন যোগ্য অভিভাবককে হারালো। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বহু চ্যালেঞ্জ ও সঙ্কটের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার নেতৃত্ব অনস্বীকার্য। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান: বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এক শোকবার্তায় বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দেশের মানুষের কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মরহুমার জন্য মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন যেন তার পরিবারকে এ কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।

নোবিপ্রবি ভিসি: এক বার্তায় নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী ও আপসহীন ভূমিকা এ দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন অকুতোভয় আপসহীন নেত্রীকে হারাল। দেশের এ ক্রান্তিলগ্নে তার রাজনৈতিক দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনা জাতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

ঢাকা চেম্বার : এক শোকবার্তায় ডিসিসিআইর সভাপতি তাসকীন আহমেদ এবং চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ঢাকা চেম্বার জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। একই সাথে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন, যা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

শোকবার্তায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেন।

এফবিসিসিআই: এক শোকবার্তায় এফবিসিসিআই জানায়, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান এবং দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞতচিত্তে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন সৎ, দেশপ্রেমিক ও আপসহীন নেত্রীকে হারাল।

এফবিসিসিআই মরহুমার রূহের শান্তি কামনা করে এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন সময়ে ধৈর্য ও সাহস দান করেন। শোকবার্তায় এফবিসিসিআইর প্রশাসক মো: আবদুর রহিম খানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।

বেরোবি ভিসি: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ড. মো: শওকাত আলী।

তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ড. মো: শওকাত আলী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশ পরিচালনায় দৃঢ়তা, প্রজ্ঞা ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন।

রাবিপ্রবি পরিবার: খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার ও বিশ্ববিদ্যালয়ের ভিসি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

এক শোক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রাম জাতিকে অনুপ্রাণিত করেছে।

খুবি পরিবার: খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম।

এক শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার আপসহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সঙ্কটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তার ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করল।

এ দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান পৃথক এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী তার শোকবার্তায় বলেন, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দূরদর্শিতা এবং গণতন্ত্রের বিকাশে আপসহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

আরো শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গোবিপ্রবি পরিবার : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) পরিবার।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রোভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শোক প্রকাশ করেন এবং তার মাগফেরাত কামনা করেন।

শোক বার্তায় জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

চবি ভিসি ও প্রোভিসিদ্বয়: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।

এক শোকবার্তায় তারা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ মৃত্যু শোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্যসহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা আল্লাহর নিকট দোয়া করেছেন।

চুয়েট ভিসি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এক শোকবার্তায় বলেন ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক ধারার সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বকে হারাল, যা জাতীয় জীবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।

সাউদার্ন ইউনিভার্সিটি : খালেদা জিয়ার ইন্তেকালে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যরা, ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তারা মরহুমার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গণস্বাস্থ্য কেন্দ্র: খালেদা জিয়ার মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের সব কর্মী গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রের এক শোকবার্তায় বলা হয়, দেশনেত্রী হিসেবে তার আপসহীন সংগ্রাম, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় তার ভূমিকা, স্বাস্থ্যসেবা খাতের সম্প্রসারণ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে, বিশেষ করে নারী শিক্ষা সম্প্রসারণে তার নেয়া উদ্যোগ বাংলাদেশের রাষ্ট্রীয় অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে।

বিআইডব্লিউটিসির শোক: বিআইডব্লিউটিসি পরিবার এক শোকবার্তায় খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জ্ঞাপন করেছে। এক বার্তায় বলা হয় তার বিছিয়ে দেয়া স্নেহের আচল কচি কচি শিশুমুখে হাসি ফুটিয়েছে, নারী জাগরণেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, কর্ম ও প্রযুক্তিতে সম্পৃক্ত করে এবং দেশের সার্বিক উন্নয়নে বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রবাসী পল্লী গ্রুপ: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ মুহিদুর রহমান।

তিনি মরহুমার মাগফিরাত কামনা করেন এবং তার রূহের শান্তি কামনায় বিশেষ দোয়া করেন। একই সাথে তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন যেন শোকাহত পরিবারকে এ কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি: খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছে। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করুন।

অগ্রণী ব্যাংক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। বাদ জোহর অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার, মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড: পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক বার্তায় বলেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন নেত্রীর মৃত্যুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যু দেশের জন্য এক বড় ক্ষতি এবং তার সহনশীলতা ও নিষ্ঠা চিরকাল দেশ ও জাতিকে অনুপ্রাণিত করবে।