মেঘনায় ধরা পড়ল ২ কেজি ওজনের ইলিশ

Printed Edition

চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা

ভোলার মেঘনা নদীতে জেলের জালে প্রায় দুই কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি মনপুরার রামনেওয়াজ মৎস্যঘাটে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, রামনেওয়াজ মৎস্যঘাটসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলে শরীফ মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সাথে সেটি চৌধুরী মাছের আড়তে নিয়ে আসা হয়। নিলামে আড়তদার অনি মাছটি ৯ হাজার টাকায় কিনে নেন।

জেলে শরীফ মাঝি বলেন, গত বৃহস্পতিবার মেঘনা নদীর পশ্চিম অংশে জাল ফেলে মাছ ধরছিলেন। বিভিন্ন আকারের ইলিশের সাথে একপর্যায়ে বড় আকৃতির মাছটিও জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি আড়তে বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটি পরে লঞ্চে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে আরো বেশি দামে বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, সামনে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে জোয়ারের পানির প্রবাহ বাড়লে মেঘনায় ইলিশের বিচরণ ও আহরণ বাড়তে পারে। এ সময় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ার সম্ভাবনাও রয়েছে।