নয়া দিগন্ত ডেস্ক
রোলস-রয়েসের মতো বিলাসবহুল গাড়ির নরম গদির মধ্যে গা ডুবিয়ে রাজকীয় মেজাজে চা পান। আমজনতাকে এই বিলাসী অভিজ্ঞতার স্বাদ দিতে একটি অভিনব আয়োজন করেছিলেন এক নেটপ্রভাবী। এক লাখ টাকা দিয়ে রোলস-রয়েস ভাড়া করে তাতে চা বিক্রি করার ব্যবসা ফেঁদে বসেন। এ আয়োজনটির নাম দেন ‘রয়্যাল চা’। চা নয়, চা পরিবেশনের অভিনব পদ্ধতিটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসতেই প্রচুর মানুষের নজর কেড়েছে।
ভিডিওর শুরুতে দেখা গেছে, তরুণ গাড়ি ভাড়া করার দোকানে গিয়ে বিলাসবহুল গাড়িটি ভাড়া করেন। পরে তিনি একটি চায়ের দোকানে গিয়ে তার পরিকল্পনাটি নিয়ে আলোচনা করলেন। চায়ের দোকানের মালিক তার এই পরিকল্পনায় রাজি হন। তারপর তারা পরিষেবা দেয়ার প্রস্তুতি শুরু করলেন। প্রথমে একটি বোর্ড ছাপালেন। তাতে পুরো পরিকল্পনাটি বর্ণনা করা হয়েছিল। এরপর গ্রাহকদের জন্য লাল গালিচা বিছানো এবং চায়ের সাথে পরিবেশনের জন্য কুকি ও বিস্কুটের ব্যবস্থার টুকরো টুকরো চিত্র ধরা পড়েছে ভিডিওতে।
ভিডিওতে দেখা গেছে অভিনব এ উদ্যোগে পথচলতি জনতা কৌতূহলী ও আগ্রহী হয়ে উঠেছিলেন। পরিবারসহ অনেকেই রোলস-রয়েসের ভেতরে বসে চা পানের অভিজ্ঞতা অর্জনের জন্য এসেছিলেন তারা। চলন্ত রোলস-রয়েসে বসে চা পান করার মতো বিরল অভিজ্ঞতার সাক্ষী রইলেন। শুধু চা পানের জন্য ৩০০ টাকা ও গাড়িটিতে সফর করার জন্য এক হাজার টাকা ভাড়া নিচ্ছিলেন ওই তরুণ।
তরুণ জানান, গাড়ি ভাড়া ও চায়ের জন্য তার মোট খরচ হয়েছিল এক লাখ আট হাজার টাকা। অন্য দিকে তার আয় হয়েছে ৮৮ হাজার ৪০০ টাকা। লোকসান হলেও তরুণের দাবি, তিনি অন্তত কিছু মানুষকে খুশি করতে পেরেছেন। ভিডিওটি ‘ডিলাক্সভাইয়াজি’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর দুই কোটিরও বেশি বার দেখা হয়েছে। ২০ লাখের বেশি লাইক জমা পড়েছে। হাজার হাজার নেটমাধ্যম ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য বিভাগে লিখেছেন, ‘দেখে খুব খুশি হলাম যে আপনি অন্য মানুষের জীবনে আনন্দ এনে দিচ্ছেন।’ অন্য একজন মজা করে লিখেছেন, ‘যে টাকা লোকসান হয়েছে ভিডিও থেকে যে টাকা পাবেন তা দিয়ে পুষিয়ে নিতে পারবেন।’



