পঞ্চম স্থান পেল নারী হকি দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পঞ্চম স্থানটি শুধু একটি অবস্থান নয়, মেয়েদের এগিয়ে চলার বড় বার্তা। পঞ্চম হয়েছে বাংলাদেশ। শুনতে হয়তো মনে হবে, আহামরি কী! কিন্তু এই পঞ্চম স্থানই যে বাংলাদেশের মেয়েদের হকিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, তা বুঝতে হলে দেখতে হবে তাদের পথচলার গল্প। জুনিয়র এশিয়া কাপের মতো কঠিন মঞ্চে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হওয়া চাট্টিখানি কথা নয়। এটি আত্মবিশ্বাসের জয়, লড়াইয়ের জয়, স্বপ্ন দেখার সাহসের জয়।

জুনিয়র এশিয়া কাপ হকির শুরুতে তাদের নিয়ে কতই না সংশয় ছিল! বয়সে, অভিজ্ঞতায় কিংবা অবকাঠামোগত সুবিধায় এশিয়ার অনেক দলের চেয়ে পিছিয়ে ছিল লাল-সবুজের মেয়েরা। কিন্তু মাঠে নামার পর তারা বুঝিয়ে দিয়েছে- সামর্থ্যরে সীমা সবসময় কাগজে-কলমে লেখা থাকে না। সাহস, পরিশ্রম আর একসাথে লড়ার মানসিকতা থাকলে অসম্ভবকেও সম্ভবের কাছাকাছি নেয়া যায়।

চ্যালেঞ্জপর্বে চার ম্যাচে চায়নিজ তাইপে, হংকং চায়না, কাজাখস্তান ও পাকিস্তানকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। এলিট পর্বে জাপানের কাছে মাত্র ২-০ গোলে হেরে করতে পারেনি বিশ^কাপ কোয়ালিফাই। জয়- উত্থান-পতনের মধ্যেও মেয়েদের চোখে ছিল অদম্য স্বপ্ন। প্রতিটি ম্যাচে তারা শিখেছে, প্রতিটি লড়াইয়ে আরো পরিণত হয়েছে। শেষ পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করে তারা শুধু একটি অবস্থান অর্জন করেনি; অর্জন করেছে নিজেদের প্রতি বিশ্বাস। এই মেয়েরাই বাংলাদেশের নারী হকির আগামী দিনের মুখ। আজ পঞ্চম, কাল আরো ওপরে- স্বপ্নটা এখন আর দূরের নয়। লাল-সবুজের এই পুঁচকে মেয়েদের পথচলা তাই থামার নয়; বরং এখান থেকেই শুরু হোক আরো বড় স্বপ্নের যাত্রা।

অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। আসরের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দেয় মালয়েশিয়া।

আট দলের মধ্যে সপ্তম যুবারা

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করলো লাল-সবুজের যুব দল। ম্যাচজুড়েই বাংলাদেশ দলের যুবারা আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে। দলের পক্ষে সর্বোচ্চ দু’টি গোল করেন মোহাম্মদ রিফাত। দলের বড় জয় নিশ্চিত করতে একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী এবং মোহাম্মদ আব্দুল্লাহ।