তারেক রহমানকে অভিনন্দন ড্যাবের

Printed Edition

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ড্যাব। বিজয়ের প্রেরণায় তারেক রহমানের পরিকল্পনা মোতাবেক দুর্নীতিমুক্ত ও মানবিক এবং জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক আস্থাশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেন, এই ঐতিহাসিক বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; বরং এটি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন। দেশব্যাপী ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ড্যাব নেতৃদ্বয়।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তারা বলেন যে, বিএনপির সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণ নীতি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরো শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।

পাশাপাশি সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং গবেষণা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ জাতীয় স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। বিজ্ঞপ্তি