ক্রীড়া প্রতিবেদক
থাইল্যান্ডে হতে যাওয়া পুরুষদের এশিয়ান গেমস হকি বাছাইপর্বের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে ভিসা জটিলতায় চূড়ান্ত প্রস্তুতির মধ্যে দলটির দেশত্যাগ নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটেনি। নিরাপত্তাজনিত কারণে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টটি ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নেয়, যা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। বাংলাদেশ পুল বি-তে শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে এবং উজবেকিস্তানের সাথে লড়বে। টুর্নামেন্টের শীর্ষ চার দল খেলবে এশিয়ান গেমসে।
স্কোয়াড চূড়ান্ত হলেও দলের সফরের বিষয়টি এখন নির্ভর করছে সময়মতো ভিসা পাওয়ার ওপর। বাহফে সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানান, ‘আনুষঙ্গিক কাজ সময়মতো শেষ হলে ৩১ মার্চ ব্যাংককের উদ্দেশে রওনা হবে ইনশাআল্লাহ। আমরা ১ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও চেষ্টা করছি, এটি হয়তো দুই-কোয়ার্টারের ম্যাচ হতে পারে। যেহেতু সব দলই মোটামুটি কাছাকাছি সময়ে পৌঁছাবে- তাই আমরা বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছি।’
শেষ মুহূর্তে ভেনু পরিবর্তনের কারণে লজিস্টিক বিষয়গুলো গুছিয়ে নিতে দলগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আরো কঠিন হয়েছে, কারণ হাতে সময় খুব কম এবং মাঝখানে ঈদের ছুটির কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। রিয়াজুল যোগ করেন, ‘শেষ মুহূর্তে সবকিছু বদলে গেছে- টিকিট, ভিসা, সবকিছু নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা ইতোমধ্যে আবেদন করেছি, তবে এখনো ভিসা হাতে পাইনি। ঈদের ছুটি এবং অন্যান্য বন্ধের কারণে কার্য দিবস বলতে কেবল দুই দিন (রোববার ও সোমবার) বাকি আছে।’
জাতীয় ক্যাম্পের ধারাবাহিকতা বজায় রেখেই স্কোয়াড গঠন করা হয়েছে, যেখানে দলকে নেতৃত্ব দেবেন ফজলে হোসেন রাব্বি। তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে বিতর্কের কারণে স্কোয়াডে সবুজের অনুপস্থিতি সবার নজর কেড়েছে।
জাতীয় হকি দল
গোলকিপার : বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ।
রক্ষণভাগ : আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু ও খালেদ মাহমুদ রাকিন।
মাঝমাঠ : অধিনায়ক রাব্বি, আল নাহিয়ান শুভ, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, আবেদ উদ্দিন ও শাহিদুর রহমান সাজু।
ফরোয়ার্ড : ওবায়দুল হোসেন জয়, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, রাকিবুল হাসান রকি ও পুষ্কর খিসা মিমো।



