বুয়েটে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠান

Printed Edition
বুয়েটে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বুয়েটে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এ ছাড়া ভিসি অধ্যাপক ড. একরামুল হক সভাপতি এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে দেশের ছাত্র-জনতা যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা আমাদের জাতীয় ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম দেশের সঙ্কটময় মুহূর্তে জাতির বিবেক হিসেবে রাজপথে অনবদ্য ভূমিকা রেখেছে। তাদের মেধার উৎকর্ষ সাধনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার বর্তমানে কাজ করে যাচ্ছে।

বুয়েট সভাপতির বক্তব্যে ভিসি বলেন, দেশের যেকোনো সঙ্কট ও ক্রান্তিকালে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মেধা, সাহস ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের পাশে দাঁড়িয়েছেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানও তার ব্যতিক্রম নয়। জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত শিক্ষার্থীদের ত্যাগ আমাদের সবসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে বুয়েট শিক্ষার্থীদের মধ্য থেকে কেমিকৌশল বিভাগের তাসনিম তিশা ও স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফাতেহুল ইসলাম রোহান জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বক্তব্য দেন। এ ছাড়াও বুয়েট শিক্ষকদের পক্ষ হতে পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো: সাব্বির মোস্তফা খান, পুরকৌশল বিভাগের প্রভাষক আনাস বিন ফারুক ও পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রভাষক ফারিহা ইসলাম মৌ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বুয়েটের পক্ষ থেকে জুলাই শহীদ আবু সাঈদের ভাই, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই, শহীদ মো: ইসমাইল হোসেন রাব্বির বোন, শহীদ শেখ ফাহমিন জাফরের মা এবং বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট, সেন্টার, দফতর ও পরিদফতরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।